বার্তা সংস্থা আবনা : ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাশের হার ৯১.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। শনিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাশ করেছে ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৪০ শতাংশ। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৮৮৪ জন। সিলেট বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৩। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৩৪১ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯০.৬৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৭৬২ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৩.২৬ শতাংশ।
বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ই-মেইল ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটের মাধ্যমেও শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে। এছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে।
এ ছাড়াও যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও একটি স্পেস দিয়ে পাসের সাল লিখতে হবে। এর পর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ২৭ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবার দেশের ১০টি শিক্ষা বোর্ডে (৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও একটি কারিগরি শিক্ষা বোর্ড) ২ হাজার ৯৪২টি পরীক্ষা কেন্দ্রে ২৭ হাজার ৪৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।
(রিপোর্ট : দৈনিক যুগান্তর)
১৭ মে ২০১৪ - ১৮:২৫
News ID: 609314
এবার পাশের হার ৯১.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন